ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা: চারদিন পর ৭ জনের নামসহ মামলা
- আপডেট সময় : ১১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যা মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে নিহতের বাবা ইমানুল প্রামাণিক ঈশ্বরদী থানায় এজাহার দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
এজাহার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর স্কুলপাড়া এলাকায় সোহাগ তার কয়েকজন বন্ধুর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় মুখোশধারী একদল সন্ত্রাসী তাদের ধাওয়া করে। একপর্যায়ে সোহাগকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।










